নতুন দায়িত্বে প্রিয়াঙ্কা!

 বিনোদন ডেস্ক

 

বলিউডের পাশাপাশি হলিউডেও সফল পদচারণা তার। বিভিন্ন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আসন দখল প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। সেই ধারাবাহিকতায় এবার নতুন আরো একটি সাফল্য যুক্ত হলো তার ক্যারিয়ারে। ‘দ্য মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজ ফিল্ম ফেস্টিভ্যাল’-এর (মামি) চেয়ারপার্সন মনোনীত হলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, ‘আমি খুবই গর্বিত মামি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন মনোনীত হওয়ায়। ফেস্টিভ্যালটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমার চেষ্টার কমতি থাকবে না।’ তিনি আশা প্রকাশ করেন, ভারতীয় সিনেমাকে বিশ্বদরবারে তুলে ধরতে এই প্লাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ নিয়ে প্রিয়াঙ্কা আরো বলেন, ‘আমি এখন একটি চলমান রাস্তায় এসেছি। চেষ্টা করবো আমার চিন্তা-ভাবনা ও পরিকল্পনার মাধ্যমে খুব অল্প সময়ে এই ফেস্টিভ্যালটিকে সারাবিশ্বে পরিচিত করে তোলার। আমরা এখন সিনেমাকে বিনোদনের আলাদা মাধ্যম হিসেবে বিবেচনা করছি এবং সব জায়গায় সফলতার ছাপ রাখতে সক্ষম হচ্ছি। আমি সবসময় বিশ্বাস করি, ভারতীয় সিনেমা সারাবিশ্বে স্থান দখল করবে। এই প্লাটফর্মটি সেই পথকে আরো সুদৃঢ় করবে।’

উল্লেখ্য, শিগগিরই প্রিয়াঙ্কা তার নতুন বলিউড সিনেমা ‘জি লে জারা’র শুটিংয়ে অংশ নেবেন।