মুন্সীগঞ্জে ৬৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় অবৈধ জাল তৈরির সাত কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬ হাজার ৮৪০ পিস চায়না চাঁইজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৬৪ কোটি টাকা। নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা গতকাল সোমবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত এই অভিযান চালান। এ সময় জাল তৈরিতে জড়িত অভিযোগে তিন জনকে আটক করা হয়।

গতকাল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল  হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা স্টেশন কমান্ডার লে. এম আশমাদুল ইসলামের নেতৃত্বে এলাকায় তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজ, দরবার পিলামেন্ট, সাওয়ান ফাইবার ফ্যাক্টরি, আনাস ফাইবার ফ্যাক্টরি, মিল্লাত ফিশিং নেট, জাহিদ মোল্লা ফ্যাক্টরি ও হাবিব ফিশিং ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়। পরে বিকালে ধলেশ্বরী নদীর তীরে বাগবাড়ী কবরস্থানের পাশে জব্দকৃত অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা ড. আলীম, সদর উপজেলা সহকারী ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. টিপু সুলতান।