১৫ই আগস্টের ইতিহাস ভুললে জাতি আবার পথভ্রষ্ট হবে :আইনমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ইতিহাস ভুলে গেলে বাঙালি জাতি আবারও পথভ্রষ্ট হবে। তিনি বলেন, যারা এদিন নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করেছিলেন, তারা এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত। তারা আজও এই হত্যাকাণ্ডের ইতিহাস বিকৃত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এবার কিন্তু শত্রুদের আর জায়গা করে দেওয়া যাবে না। গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল শোকসভায় সভাপতির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

শোকসভায় অংশ নেওয়া আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ হূদয়ে ধারণ করতে হবে, তবেই বঙ্গবন্ধু চিরঞ্জীব হবেন। জাতির পিতা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আমরা কতটুকু তা করতে পেরেছি তা অনুধাবন করতে হবে।’

সভায় অন্যান্যের মধ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন ফরহাদ, নিবন্ধন  অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন। শোকসভায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা ও আইন মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তাগণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ অংশ নেন।