অস্ত্র বিক্রি করতে এসে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

ইত্তেফাক রিপোর্ট

ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে এসে গ্রেফতার হয়েছেন ছাত্রদলের এক নেতাসহ দুই জন। এরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নেতা জানিবুল ইসলাম জোসি ও বাসির আলী। গত সোমবার রাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির ডেমরা জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তারা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসত। অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা এলাকায় মামলা হয়েছে। জোসি ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বার অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়েছিল। তারা ঢাকা শহরে কোনো ভীতিকর পরিবেশ সৃষ্টি বা কাউকে অস্ত্র সরবরাহ করার জন্য এনেছিল কি না কিংবা এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, এ বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার, জাতীয় নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে দেশকে অস্থিতিশীল করার জন্য সীমান্ত এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী অবৈধ আগ্নেয়াস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায় এগুলো ঘটছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।