চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত

তলিয়ে গেছে ১৮২ হেক্টর ফসলি জমি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা

পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জের নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত অর্ধলক্ষাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮২ হেক্টর জমির ফসল। সরেজমিনে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর, নারায়ণপুর, আলাতুলি, চড়বাগডাঙ্গা ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, পাঁকা ও উজিরপুর এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর ও চড়বাগডাঙ্গা।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিম্নাঞ্চল হওয়ায় প্লাবিত হয়েছে। মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৬৭ হেক্টর আউশ ধান, ১২ হেক্টর শাকসবজি, ৩ হেক্টর অনান্য ফসলসহ মোট ১৮২ হেক্টর জমিতে হওয়া ফসল ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্লভপুর ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমার ছয় বিঘা ধানের জমি ডুবে গেছে। ইউনিয়নের পাঁচটি গ্রামে পানি প্রবেশ করায় কমপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দি রয়েছে।’ নারায়ণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমিন শরীফ জানান, তার এলাকায় গত চার দিন থেকে পদ্মায় পানি বাড়ায় প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেবীনগর এলাকার সাদিরুল ইসলাম নামের এক শিক্ষক জানান, তার এলাকায় মহানন্দার পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি। শাজাহানপুর এলাকার আ. সালাম নামের এক কৃষক জানান, তার তিন বিঘা ধানি জমি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাতে পানি বাড়ায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উজিরপুর এলাকার আতাউর রহমান জানালেন, পদ্মায় পানি বাড়ায় সেখানকার ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১০ সেন্টিমিটার ও মহানন্দায় ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে পদ্মায় ২২ দশমিক ৬ মিটার ও মহানন্দায় ২০ দশমিক ৪৫ মিটার পানি রয়েছে। পদ্মায় ২২ দশমিক ৫০ মিটার ও মহানন্দায় ২১ দশমিক ৫০ মিটার বিপত্সীমা ধরা হয়েছে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে পদ্মার পানি বিপত্সীমা অতিক্রম করতে পারে। তবে মহানন্দা নদী তার বিপত্সীমা অতিক্রম করতে এখনো অনেক সময় লাগবে। এছাড়াও কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চল হওয়ায় পানিতে বন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।