নেত্রকোনায় কৃষক হত্যা মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার সদর থানাধীন সাতপাটি এলাকায় কৃষক মতিউর রহমান (৪৫) হত্যামামলার আসামি মো. ওয়াসিম মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার গভীর রাতে ঢাকা জেলার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের কোম্পানি কমান্ডার শোভন খান মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ জুলাই সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের মতিয়র রহমানকে রাতে ওয়াসিম মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঐদিনই নেত্রকোনা থানায় মামলা রজ্জু হয়। কিন্তু আসামি পলাতক ছিল। সোমবার গোপন সূত্রের খবরে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল তাকে গ্রেফতার করে। এজাহারভুক্ত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।