ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে ৭৯ কোটি ১০ লাখ ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। প্রতিশ্রুত এই অর্থের পরিমাণ আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য নিযুক্ত আইএফসির ভাইস প্রেসিডেন্ট আলফনসো গার্সিয়া মোরা উল্লেখ করেছেন, কোভিড-১৯ দক্ষিণ এশিয়া অঞ্চলের আর্থিক খাতে বিদ্যমান দুর্বলতাকে উন্মুক্ত করেছে। এর প্রভাবে ব্যবসা-বাণিজ্য বিশেষত ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষকে বিপদে ফেলেছে। এ কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে টিকে থাকার সামর্থ্য অর্জনে সহায়তা করতে মনোযোগ সুনির্দিষ্ট করেছি। কেননা, পুনরুদ্ধারের রাস্তা দীর্ঘ হবে বলে ইঙ্গিত রয়েছে।’ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফসি উল্লেখ করেছে, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা এবং বেসরকারি খাতের কোম্পানিগুলোর কার্যক্রম ও কর্মসংস্থান বজায় রাখতে সহায়তার উদ্দেশ্যে দক্ষিণ এশিয়ায় টেকসই বিনিয়োগ অব্যাহত রেখেছে আইএফসি। চিকিত্সাসেবা, টিকা ও সরবরাহ এবং প্রবল ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে সহায়তার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সাশ্রয়ী আবাসন খাতেও বিনিয়োগ বাড়িয়েছে সংস্থাটি।