আফগান ক্রিকেটে নজর রাখছে আইসিসি

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান হাতে যাওয়ার পর পুরো বিশ্ব তাকিয়ে আছে দেশটির দিকে। ব্যতিক্রম নয় আইসিসিও। দেশটির রাজনৈতিক পালাবদল বুঝতে আফগান ক্রিকেটে নজর রাখার পাশাপাশি বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। আফগানিস্তানের নারী ক্রিকেট দিনকে দিন এগিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে  দেশটিতে  নারী ক্রিকেট টিকিয়ে রাখাটা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) জন্য সবচেয়ে বড় কঠিন কাজ বলে ধরে নেওয়া হচ্ছে। গত বছর ২৫ জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে আসে এসিবি। তাদের জন্য স্কিল ভিত্তিক ক্যাম্পও আয়োজিত করে তারা। সেই প্রক্রিয়া নিয়ে আইসিসি নারী ক্রিকেটের নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, এটি একটি ব্যাপক উন্নয়ন ছিল। আমরা জানি না এখন কী করতে হবে। এমন রাজনৈতিক পালাবদল সত্ত্বেও আফগান ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে আশাবাদী এসিবির সাবেক সিইও শফিকুল্লাহ স্টানিকজাই। তার সময়েই ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে আফগানিস্তান। স্টানিকজাই বলেন, শরণার্থী শিবির থেকেই আফগানিস্তানে ক্রিকেট শুরু হয়েছে।  খুবই সীমিত সম্পদ নিয়ে আমরা পূর্ণসদস্য পদের পথ পাড়ি দিয়েছি। আমি আশা ও প্রার্থনা করছি আফগানিস্তানে ক্রিকেট যেন ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। আমাদের জন্য এটা খেলার চেয়েও বেশি কিছু।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, পরিবর্তন আসতে যাচ্ছে এসিবিতে। বর্তমান  বোর্ড চেয়ারম্যান ফারহান ইউসুফজাইয়ের হটিয়ে দায়িত্ব নিতে পারেন আজিজুল্লাহ ফাজলি। তেমনটা হলে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আফগানিস্তানের সদস্য পদ স্থগিত করতে পারে আইসিসি। এদিকে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে আফগানদের ওয়ানডে সিরিজ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।