টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা

প্রথম রাউন্ডে বাংলাদেশের সব ম্যাচ ওমানে

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। গতকাল টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি।

প্রথম রাউন্ডে দুই গ্রুপে বাংলাদেশসহ আটটি দল অংশ নিবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সুপার-১২ পর্বে উন্নীত হবে। যেখানে আগেই অবস্থান করছে র্যাংকিংয়ের সেরা আট দল। প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস রয়েছে।

গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, প্রথম রাউন্ড পার হলেই সুপার-১২ পর্বে বাংলাদেশকে বি১ এবং শ্রীলঙ্কাকে এ১ ধরা হবে। অর্থাত্ সুপার-১২ পর্বে উঠলেই বাংলাদেশ গ্রুপ-২ তে স্থান পাবে। এই গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান রয়েছে এবং থাকবে এ গ্রুপের দ্বিতীয় দল। ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টাইগারদের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় এবং তৃতীয় ম্যাচটি বিকাল ৪টায় শুরু হবে।

প্রথম রাউন্ড শেষে আগামী ২৩ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব সুপার-১২। ২৪ অক্টোবর দুবাইয়ে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এবার চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ভেন্যুগুলো হলো ওমান ক্রিকেট একাডেমি, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি ও শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।