নবীনগরে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

বিভিন্ন অনিয়মের অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আসলাম মৃধার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষাণা করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 

জানা যায়, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আসলাম মৃধার বিরুদ্ধে ইয়াবা সেবন, পরিষদের এক নারী সদস্যর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও জুতা পেটা করা, জন্মনিবন্ধন, বিভিন্ন ভাতাভোগীদের নিকট থেকে সরকারি ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়, ভিজিডির টাকা নিজের কাছে গচ্ছিত রাখাসহ বিভিন্ন অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্তের অভিযোগ আনা হয়। এ সব কর্মকাণ্ডের কারণে পরিষদের ১২ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় পদটি শূন্য ঘোষণাসহ এসংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির নির্দেশনা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান এম আসলাম মৃধা বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন, এভাবে চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করতে পারে না। আমি এ আদেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।