নারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান তালেবানের

তালেবান গতকাল সরকারি কর্মচারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। একই সঙ্গে নারীদেরও সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান। তালেবান দেশটি দখল করে নেওয়ার পর শাসনব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রথম এই আহ্বান এলো।

সামানগানি বলেন, ইসলামিক আমিরাত (তালেবান দেশটির নতুন এই নাম দিয়েছে) নারীরা ক্ষতির শিকার হোক, তা চায় না। শরিয়াহ আইন অনুযায়ী সরকারে তাদের অংশগ্রহণ থাকা উচিত। তিনি বলেন, এখনো সরকারের কাঠামো পুরোপুরি পরিষ্কার নয়; কিন্তু অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে, এখানে পুরোপুরি ইসলামিক নেতৃত্ব থাকবে। এতে সব পক্ষেরই যোগ দেওয়া উচিত।

আফগানিস্তানের অন্যতম প্রধান একটি সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবার নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। রবিবার তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে আর নারী উপস্থাপিকাদের দেখা যায়নি। অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে এক পুরুষ উপস্থাপক খবর পড়ছেন, যার সামনে তালেবানের পতাকা রয়েছে। টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে, এক নারী উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের এক সদস্যের সাক্ষাত্কার নিচ্ছেন। তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন যে, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে এক নারীকর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিচ্ছেন। এক নারী সংবাদদাতার ছবি টুইট করেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে রিপোর্টিং করছেন। তালেবান ২০ বছর আগে যখন ক্ষমতায় ছিল তখন এটা অকল্পনীয় ছিল।