তদন্ত কমিটির রিপোর্ট

পাবনায় শূন্য সিরিঞ্জে টিকা পুশের অভিযোগের সত্যতা মেলেনি

পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে এমবিবিএস শেষ বর্ষের এক শিক্ষার্থীকে টিকা ছাড়াই শূন্য সিরিঞ্জ পুশের অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। সোমবার রাতে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। গত ৪ আগস্ট পাবনার বাসিন্দা ও ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকাকে টিকা ছাড়াই সিরিঞ্জ পুশের ঘটনার অভিযোগ ওঠে। মেয়ের কাছ থেকে ঘটনাটি জ্ঞাত হওয়ার পর অভিযোগ করেন ঐ শিক্ষার্থীর বাবা অ্যাডভোকেট আব্দুল হান্নান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর জানান, ঘটনাটি জানার পরপরই দুজন নার্সকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান এবং জেলা পাবিলক হেলথ নার্স শাহানারা বেগম।

জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, তদন্ত কমিটি অধিকতর তদন্তের স্বার্থে সময় বাড়িয়ে মোট ১০ কার্যদিবসে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্তে অভিযুক্ত, উপস্থিতি ও স্বাক্ষীদের বয়ানে সন্দেহাতিতভাবে অভিযোগের সত্যতা মেলেনি। তিনি বলেন, তবে যেহেতু অভিযোগ উঠেছিল, সেহেতু পরে আরো সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে অভিযোগকারী আব্দুল হান্নান বলেন, ‘অনিয়ম হয়েছিল বলেই অভিযোগ এসেছিল। বিচার চাইনি। প্রতিবাদ জানিয়েছিলাম জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে। আমার অভিযোগ যদি তাদের কাছে ভিত্তিহীন মনে হয়, তাহলে আমার কোনো বক্তব্য নেই।’