দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৩ হাজার ৯৯৩ জন। অর্থাত্ এই সংখ্যক মানুষ এখন নিশ্চিতভাবে করোনা ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন। গত জুলাই মাসে এই সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছিল। এদিকে তিন দিন পর আবার দেশে সাড়ে ৭ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; এক দিনে মৃত্যুর সংখ্যাও গত কয়েক দিনের চেয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ৫৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১৯৮ জন কোভিড রোগীর। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন কোভিড রোগী শনাক্ত হলো; আর আক্রান্তদের মধ্যে গতকাল পর্যন্ত ২৪ হাজার ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৩ আগস্ট ৮ হাজার ৪৬৫ জন কোভিড রোগী শনাক্তের পরের তিন দিন শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজারের নিচেই ছিল। আর ১২ আগস্ট ২১৫ জনের মৃত্যুর পর গত চার দিনে এত বেশি মৃত্যুও হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৫৯ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ১৭৪ জনের। সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪ হাজার ৩৩৫ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ৮৮১টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। দেশে এখন পর্যন্ত মোট ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে পুরুষ ১১৬ জন আর নারী ৮২ জন।