ভাসানচর রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, আরো সাত জনের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আরো ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ১১ জন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক শিশু ও তিন মহিলার পরিচয় জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।             পুলিশ সুপার জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাসানচর থেকে ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে। নৌকাটিতে ৩০-৪০ জন রোহিঙ্গা ছিল। পরদিন শনিবার রাত ১২টা পর্যন্ত ১৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে। রবিবার সকাল থেকে ডুবে যাওয়া কাঠের বোটটির অবস্থান শনাক্ত করে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে ।

 এদিকে ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানিয়েছেন, উদ্ধারকৃত ১১ জনের মধ্যে রবি ও সোমবার উদ্ধারকৃত এক শিশু ও তিন মহিলার পরিচয় শনাক্ত করা গেছে। ধারণা করা হচ্ছে, এখনো আরো ১৪-১৫ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে।