আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ১ কোটি ৯০ লাখ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আফগান যুদ্ধে দুই দশকেও শান্তির দেখা মেলেনি কখনোই। বরং বছরের পর বছর তাড়া খেয়ে বেড়ানো তালেবানই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, হাজার হাজার সেনার দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি হাতেই আফগানিস্তান থেকে ফিরতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরব্যাপী ‘সন্ত্রাসদমন’ যুদ্ধে দেশটির খরচ হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৯০ লাখ কোটি টাকারও বেশি।

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, ওয়াটসন ইনস্টিটিউটের বিশেষ ‘কস্ট অব ওয়ার’ প্রকল্পের অধীন এই প্রতিবেদনে জানানো হয়, মোট খরচের মধ্যে প্রায় ১ লাখ কোটি ডলার (৮৪ লাখ কোটি টাকা) সরাসরি যুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় খরচ করে। অপরদিকে যুদ্ধের ফলে ঋণের সুদ বাবদ ৫৩ হাজার কোটি ডলার (৪ লাখ ৪৯ হাজার কোটি টাকা) খরচ হয়। আফগানিস্তানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে ও অস্ত্র সজ্জিত করায় ২০০২ সালের মে থেকে এই বছরের মার্চ পর্যন্ত ৮ হাজার ৮০৮ কোটি ডলার (৭ লাখ ৪৯ হাজার কোটি টাকা) খরচ করা হয়। যা বাংলাদেশের চলতি বছরের বাজেটের চেয়েও বেশি। আফগান সামরিক ও নিরাপত্তা বাহিনীতে মোট ৩ লাখ সদস্য কর্মরত ছিল। এই খরচ মেটাতে হিমশিম খায় দেশটি। দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধের খরচ ২ ট্রিলিয়ন, সুদ সাড়ে ৬ ট্রিলিয়ন ডলার’

হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল ও ব্রাউন ইউনিভার্সিটির পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধের খরচ ও হতাহতের একটা হিসাবে দিয়েছেন লিন্ডা বিলমসে। তার হিসাবে অনুযায়ী মার্কিন সেনা মারা গেছে ২ হাজার ৪৪৮ জন। মার্কিন কন্ট্রাকটর মারা গেছে ৩ হাজার ৮৪৬ জন। আফগান সেনা ও পুলিশ মারা গেছে ৬৬ হাজার। ন্যাটো দেশগুলোর সেনা মারা গেছে ১ হাজার ১৪৪ জন। আফগানিস্তানের সাধারণ নাগরিক মারা গেছে ৪৭ হাজার ২৪৫ জন। তালেবান ও অন্যান্য বিরোধী গ্রুপের সদস্য মারা গেছে ৫১ হাজার ১৯১ জন। সাহায্যকর্মী মারা গেছে ৪৪৪ জন। সাংবাদিক মারা গেছে ৭২ জন। লিন্ডা বিলমসের অনুমান মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান যুদ্ধের জন্যে খরচ টানতে হচ্ছে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি। যুদ্ধ শেষ হলেও এর জের টানতে হবে অনেক দিন। যুদ্ধাহত মার্কিন সেনা, মিত্রদের পুনর্বাসনসহ বিভিন্ন খাতে এ ধরনের ব্যয় অব্যাহত থাকবে। বিশেষত আফগানিস্তানে ২০ বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে ব্যয় নির্বাহের জন্য মার্কিন সরকারগুলোকে কর আরোপ করতে হয়েছে। এজন্য ২০৫০ সাল পর্যন্ত সুদ পরিশোধ করতে হবে যা দাঁড়াবে সাড়ে ৬ ট্রিলিয়ন ডলার। সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে কোরিয়া যুদ্ধের জন্যে সাময়িক কর বৃদ্ধি করতে হয়েছিল ৯২ শতাংশ। একইভাবে প্রেসিডেন্ট লিন্ডন জনসনকে ভিয়েতনামের জন্যে কর বৃদ্ধি করতে হয়েছিল ৭৭ শতাংশ। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ধনীদের ওপর আফগানিস্তান ও ইরাক যুদ্ধের জন্যে কর আরোপ করেছিলেন কমপক্ষে ৮ শতাংশ। গত বছর পর্যন্ত এ দুটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঋণ ব্যবস্থাপনায় খরচ দাঁড়িয়েছে ২ ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্রের আগামী প্রজন্মকে এ যুদ্ধের ব্যয় বহন করতে হবে। ট্রিলিয়ন ডলারের এ যুদ্ধের জন্যে যুক্তরাষ্ট্রকে অধিকাংশ অর্থ ধার করতে হয়েছে এবং এ যুদ্ধের দায় শোধ করতে হবে অন্তত আগামী ২০৪৮ সাল পর্যন্ত।