একটি মার্কিন পরিবহন বিমানে ছয় শতাধিক আফগান দেশ ছেড়েছে। গাদাগাদি করেই তারা দেশ ছাড়েন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। একটি বিমানের চাকায় মানুষের দেহাবশেষও পাওয়া গেছে। খবর বিবিসির
দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানায়,, সোমবার কাবুল ছেড়ে আসা একটি মার্কিন পরিবহন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে। কাবুল বিমানবন্দরের সোমবারের একটি ভিডিওচিত্রে দেখা যায়, মরিয়া আফগানরা রানওয়ে ধরে চলতে থাকা একটি বিমানের সঙ্গে সঙ্গে ছুটে চলছে এবং অনেকেই বিমানটির গা বেয়ে উঠবার চেষ্টা করছে। আরেকটি বহুল প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের পর আকাশে থাকা একটি বিমান থেকে দু’জন মানুষ ছিটকে পড়ে মারা যায়। নামপ্রকাশ না করে একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, পতনের ঘটনাটি নিশ্চিতভাবে ঘটেছে। ওই কর্মকর্তা বলছেন, ছিটকে পড়া দুই ব্যক্তি বিমানটির চাকা বেয়ে উঠেছিল। পত্রিকাটি আরো জানায়, বিমানটি কোনমতে চাকা গুটিয়ে নিতে না পেরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং তৃতীয় একটি দেশে অবতরণ করে। পরে পরিদর্শন করতে গিয়ে দেহাবশেষ খুঁজে পান ক্রুরা।