আফগানিস্তান ইস্যুতে জি-৭ বৈঠকের ঘোষণা বাইডেন-বরিসের

আফগানিস্তান ইস্যুতে ফোনকলে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবারের (১৭ আগস্ট) এ আলোচনার পর সংকট নিরসনে ভার্চুয়ালি জি-৭ বৈঠক আয়োজনের ঘোষণা দেন দুই রাষ্ট্রপ্রধান।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান ইস্যুতে অভিন্ন কৌশল নির্ধারণের জন্য দুই রাষ্ট্রপ্রধান আগামী সপ্তাহে জি-৭ বৈঠক ভার্চুয়ালি আয়োজনে সম্মত হয়েছেন। তালেবানের আফগানিস্তান দখলে নেওয়ার পর বাইডেন এই প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনার চলমান প্রচেষ্টায় ব্রিটিশ- মার্কিন সহযোগিতাকে উভয় নেতা স্বাগত জানান।

চলতি বছর জি-৭ এ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিটেন। এর অন্য সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/জেডএইচডি