দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবিতে থাকছেন শাহরুখ খান। অ্যাকশন- রোম্যান্সে ভরপুর সম্পূর্ণ বিনোদনধর্মী এই ছবিতে কিং খানের নায়িকা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই জানা গিয়েছে অ্যাটলির এই ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকেও। এখানেই শেষ নয় ছবির কাস্টিংয়ে থাকছে আরও চমক।
অ্যাটলি-শাহরুখের প্রথম মেগাভেঞ্চারে কাজ করতে চলেছেন দঙ্গল গার্ল সানায়া মালহোত্রাও।‘লুডো’ ,’পাগলেট’ -এর মতো একের পর এক ওয়েব ওরিজিনাল ফিল্মে কাজ করে এই মূহুর্তে বলিউডের বলিষ্ঠ অভিনেত্রী হয়ে উঠেছেন ‘দঙ্গল’-এর ববিতা।ছবিতে যে সানায়া নিশ্চিত কাজ করছেন, এই খবর মিলেছে বাদশার সংস্থা রেড চিলিজ এর অন্দরমহল থেকেই।
শাহরুখ-দীপিকা ছাড়া বলিউডের আর কোন বড় তারকাই নাকি কাজ করছেন না এই ছবিতে।তবে সেই অভাব মেটাতে বেশ কিছু বড় মাপের দক্ষিণী অভিনেতাকে ছবিতে দেখা যাবে বলেই সূত্রের খবর।ইতিমধ্যেই কলাকুশলীরা ছবির চিত্রনাট্য পড়ে ফেলেছেন।পুরোদমে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।এই বছরই শ্যুটিং শুরু হবে।
ইত্তেফাক/এফএস