অবশেষে জয়ের দেখা পেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের কোচ হওয়ার পর জয় যেন সোনার হরিণ হতে লাগল ইউলিয়ান নাগেলসম্যানের কাছে। প্রাক মৌসুমের পর বুন্দেসলিগার প্রথম ম্যাচেও অধরা ছিল জয়। অবশেষে জার্মান সুপার কাপে এসে প্রথম জয়ের দেখা পেলেন ৩৪ বছর বয়সি এই কোচ। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। ম্যাচ শুরুর আগে সদ্য প্রয়াত জার্মান কিংবদন্তি গার্ড মুলারের প্রতি শ্রদ্ধা জানায় দুই দল।

প্রথম জয়েই এলো প্রথম শিরোপা। নাগেলসম্যান তাতে নিজেকে ভাগ্যবান মনে করছেন, শিরোপার আসল কৃতিত্ব সাবেক বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিককে দেন তিনি। নাগেলসম্যান বলেন, ‘ডর্টমুন্ডের মতো আক্রমণাত্মক দলের সঙ্গে জেতা সহজ কথা নয়। এই শিরোপা গত মৌসুমে পরিশ্রমের পুরষ্কার কারণ হ্যান্সি ফ্লিক এই দলকে নিয়ে লিগ জিতেছিল। আমি খুশি, তবে আমার থেকেও এই শিরোপায় বাকিদের ভাগ বেশি। ’

জার্মান ক্লাসিকোয় বরাবরই প্রতিদ্বন্দ্বিতার কোনো কমতি থাকে না। আক্রমণ-পালটা আক্রমণে জমে উঠে খেলা। কিন্তু দিনশেষে জয় পায় বায়ার্নই! ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কেও তাদের আটকাতে পারল না ডর্টমুন্ড। বিরতির চার মিনিট আগে পরের দুই গোলেই ম্যাচে জয়ের সুবাস পেতে থাকে বায়ার্ন।

সার্জ গ্যানাব্রির ক্রস থেকে হেডের মাধ্যমে প্রথম গোলটি করেন লেভানডস্কি। বিরতির পর থমাস মুলারের পা থেকে ব্যবধান দ্বিগুণ করে বাভারিয়ানরা। ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে ডর্টমুন্ডকে ম্যাচে ফেরার আশা দেখিয়েছিলেন অধিনায়ক মার্কো রয়েস। কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকতে দিলেন না লেভানডস্কি। ৭৪ মিনিটে ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জির ভুলের সুযোগ ভালোভাবেই কাজে লাগান এই পোলিশ স্ট্রাইকার।