অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে শিল্পায়ন ত্বরান্বিতকরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি অটোমোবাইল, চিনি, খাদ্য প্রক্রিয়াকরণ ও জাহাজ পুনঃ প্রক্রিয়াকরণ শিল্প সম্প্রসারণে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। জাপান সরকার ইতিমধ্যে বাংলাদেশে অটোমোবাইল ও সার কারখানা স্থাপনে বিনিয়োগের আশ্বাস প্রদান করেছে। শিল্প মন্ত্রণালয়ে গতকাল বুধবার জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। সুদীর্ঘ সময় ধরে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দুই দেশ একে অপরের সঙ্গে কাজ করে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতার এই ক্ষেত্রসমূহ আগামীতে আরো বিস্তৃত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বর্তমানে বাংলাদেশে শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্যসহ বিনিয়োগের উপযুক্ত পরিবেশে রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। সিরাজগঞ্জে নতুন সার কারখানা এবং বাংলাদেশে একটি অটোমোবাইল টেস্টিং ও রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে জাপানের রাষ্ট্রদূত তার সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় জাপানের মিতসুবিশি মোটরস কোম্পানি লিমিটেড বাংলাদেশে একটি গাড়ি উত্পাদন কারখানা স্থাপনের লক্ষ্যে চলতি মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষাকরণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। করোনা মহামারির মধ্যেও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সার উত্পাদন চলমান এবং সারা দেশে সার সরবরাহ অব্যাহত রয়েছে মর্মে জানানো হয়। এছাড়া সারা দেশে সার সংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যে বাফার গোডাউন নির্মাণের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।