চার কার্যদিবস পর কিছুটা পতন শেয়ারবাজারে

ইত্তেফাক রিপোর্ট

মঙ্গলবার নতুন রেকর্ড গড়লেও গতকাল বুধবার কিছুটা পতন হয়েছে শেয়ারবাজারে। চার কার্যদিবস উত্থানের পর গতকাল এ পতন হলো। শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক গতকাল কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও ২ হাজার টাকার বেশি হয়েছে।

ডিএসইতে গতকাল ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২০৭ কোটি ৯৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭১ দশমিক ৮৪ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ দশমিক ২৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৬ দশমিক ৮২ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৩৮টির বা ৩৬ দশমিক ৯০ শতাংশের, শেয়ারদর কমেছে ২১৬টির বা ৫৭ দশমিক ৭৫ শতাংশের এবং ২০টির বা ৫ দশমিক ৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪০ দশমিক ৬৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দর বেড়েছে, কমেছে ১৭৩টির আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।