গ্রাহক ব্যতীত অন্য কাউকে ঋণ ছাড় নয়

আর্থিক প্রতিষ্ঠান

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে তাদের অনুমোদিত ঋণ প্রকৃত গ্রাহকের ব্যাংক হিসাবে ছাড় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত ঋণ নিয়মাচার অনুযায়ী কোনো ঋণ অনুমোদনের পর তা সুবিধাভোগী গ্রাহকের হিসাবে ছাড়করণের বিষয়টি অত্যাবশ্যকীয়; কিন্তু সাম্প্রতিককালে পরিলক্ষিত হচ্ছে যে, অনুমোদিত গ্রাহকের অনুকূলে ঋণের অর্থ ছাড়করণের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে তা তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে ছাড় করা হয়। এরূপ চর্চা বিদ্যমান নীতিমালা এবং ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত সার্কুলারের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া অনুমোদিত ঋণ প্রকৃত গ্রাহক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে ছাড় করা ঋণ শৃঙ্খলার পরিপন্থি। তাই এখন থেকে কোনো অনুমোদিত ঋণের অর্থ প্রকৃত গ্রাহকের ব্যাংক হিসাবে ছাড়করণ এবং তার ব্যাংক বিবরণীর কপি সংশ্লিষ্ট গ্রাহকের ঋণের নথিতে সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।