মোংলা ইপিজেডে টিকা পাচ্ছেন ৫ হাজার শ্রমিক

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রথম বারের মতো মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার সকাল থেকে প্রথম দফায় ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত ৫ হাজার শ্রমিককে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। তবে প্রথম দিন ৫০০ শ্রমিককে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. মাহাবুব আহমেদ সিদ্দিক। তিনি বলেন, এখানে মোট ৩৪টি কারখানায় ৭ হাজার শ্রমিক কর্মরত আছেন। সংক্রমণ রোধে এদের মধ্য থেকে প্রথম দফায় ৫ হাজার শ্রমিককে টিকা দেওয়া হবে। ৭ হাজার শ্রমিকের এরই মধ্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।  মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, তাদের প্রশিক্ষিত নার্সরা ইপিজেডের শ্রমিকদের এই টিকা দিচ্ছেন। টিকা রিজার্ভ না থাকায় প্রথম ধাপে বুধবার শুধু ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে করোনার টিকা দেওয়া হবে।