ইত্তেফাক রিপোর্ট
আজ বৃহস্পতিবারের পরিবর্তে পবিত্র আশুরার ছুটি আগামীকাল শুক্রবার করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দীপঙ্কর বিশ্বাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের (বৃহস্পতিবার) পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) পুনর্নির্ধারণ করা হলো।
এতে আরো বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে। করোনার কারণে গত বছরের মতো এবারও আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।