হোমনায় টিকাকেন্দ্রে হুড়োহুড়ি, ভাঙচুর

টিকা না পেয়ে ফিরে

যাওয়ায় ক্ষোভ

 হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নিতে আসা অন্তত পাঁচ শতাধিক লোক গতকাল বুধবার টিকা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, কে আগে টিকা নেবে এজন্য হুড়োহুড়ি করে টিকা কেন্দ্রের দরজা জানালা ভাঙচুর করেন অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টিকাকেন্দ্রের দায়িত্বে থাকা মেডিক্যাল টেকনোলজিস্ট মো. শেখ ফরিদ জানান, বুধবার সকাল থেকে লোকজন টিকা কেন্দ্রের সামনে এসে ভিড় করতে থাকেন। পরে তাদের লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাবদ্ধ হওয়ার আহ্বান জানালে তারা লাইন ধরেন। এভাবে টিকা কার্যক্রম চলার এক পর্যায়ে অনেক বেশি লোক সমাগম হয়। তখন কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, বুধবার টিকা নিতে টিকাকেন্দ্রে অনেক লোক সমাগম হয়। লোকজনকে নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মীকে এনেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। কার আগে কে টিকা নেবে এমন করতে করতে এক পর্যায়ে হুড়োহুড়ি করে টিকা কেন্দ্রের দরজা ও জানালা ভেঙে ফেলে। পরে উপায়ান্তর না পেয়ে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। তিনি আরো বলেন, আমারা যেদিন টিকা পাব, সেদিন থেকেই আবার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু করব।