আগৈলঝাড়ায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ১৫ আগস্ট শহিদদের অবমাননার অভিযোগ

আগৈলঝাড়ার পয়সারহাট স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতিবাজ সেই অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি অবমাননার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, অপর সদস্য উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান ও পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের যৌথ স্বাক্ষরে তিন সদস্যর তদন্ত কমিটি তাদের প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন। ছুটিতে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বুধবার টেলিফোনে প্রতিবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান তার নির্দেশে ৫ আগস্ট গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার মতামতসহ তাদের প্রতিবেদন দাখিল করেছেন।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মো. মিজানুর রহমান ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে তার স্কুল এবং কলেজের কোনো শিক্ষকের সঙ্গে আলোচনা করেননি। তিনি দায়সারাভাবে দিবসটি পালনের জন্য অফিস সহকারীকে ড্রপ ডাউন ব্যানার টানাতে বলেন। ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ঐ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৯ সালের জাতির পিতার ছেঁড়া, ফুটা, পুরোনো ব্যানার অপরিষ্কার স্থানে টানানো ছিল। তদন্ত কমিটির কাছে অধ্যক্ষ স্বীকার করেছেন যে, ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি প্রতিষ্ঠানেও যাননি। ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির পিতা ও ১৫ আগস্ট শহীদদের অবমাননার বিষয়টি ভাইরাল হলে তিনি বিষয়টি জানতে পারেন। পুরোনো ব্যানার টানানোর জন্য তিনি দপ্তরি জাকির হোসেনকে দায়ী করে শোকজ করেছেন বলে জানান।

এর আগে সম্প্রতি পয়সারহাট স্কুলের ১৯৯ জন এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে অবৈধভাবে হাতিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ হলে ইউএনওর নির্দেশে পরে ঐ টাকা ফেরত দেন অধ্যক্ষ মিজানুর রহমান।