দেশে গত এক দিনে ৪১ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২৪৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ১৭২ জনের। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন কোভিড রোগী শনাক্ত হলো; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হলো গতকাল পর্যন্ত মোট ২৪ হাজার ৭১৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ, যা আগের দিন ১৯ দশমিক ১৮ শতাংশ ছিল। আগের দিন মঙ্গলবার সারা দেশে ৭ হাজার ৫৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ১৯৮ জনের। সে হিসেবে এক দিনে শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা কমেছে। বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলেন, সংক্রমণ কিছুটা কমলেও আত্মতুষ্টির সময় এখনো আসেনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪ হাজার ১৫২ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। সরকারি হিসাবে এক দিনে সেরে উঠেছেন ১২ হাজার ১১২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং নারী ৭৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৭৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৩ জন।