আলমডাঙ্গায় ৩ কোটি টাকার স্বর্ণের গহনাসহ তিন চোরাকারবারি আটক

আলমডাঙ্গায় ৩ কোটি টাকার স্বর্ণের গহনাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আলমডাঙ্গার বন্ডবিল গেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কোটি ৯০ লাখ টাকার চোরাই স্বর্ণের গহনা উদ্ধার করে।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে বাপ্পি, চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার রিপনের ছেলে সম্রাট ও মাদারীপুর জেলার জামালপুর গ্রামের বাবু হওলাদারের ছেলে সুমন হাওলাদার। জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে তিন চোরাকারবারি স্বর্ণের গহনা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তাদের ধাওয়া করে। আলমডাঙ্গা থানা পুলিশও সড়কে বেরিকেড দেয়। চোরাকারবারিরা বন্ডবিল গেট এলাকায় পৌঁছালে দুই থানার পুলিশ প্রাইভেটকারটি আটকিয়ে সিটের ভেতর থেকে পলিথিন ও তুলায় মোড়ানো অবস্থায় ছয়টি প্যাকেট থেকে আড়াই কেজি ওজনের স্বর্ণের গহনা উদ্ধার করে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করেন।