ব্রেক্সিট চুক্তি নিয়ে ইইউ’কে থেরেসা মে

ব্যাকস্টপের ‘ফাঁদে’ পড়বে না যুক্তরাজ্য

ব্রেক্সিট বিষয়ক চুক্তির আইনি বাধ্যবাধকতার পরিবর্তনে ইউরোপীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে ফের ব্রাসেলস যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের। চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আয়ারল্যান্ড সীমান্তের ‘ব্যাকস্টপের ফাঁদে’ আটকে থাকবে না। বিবিসি। 

ইউরোপের সঙ্গে বিচ্ছেদের পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে যে চুক্তিই হোক না কেন, তাতে যেন আয়ারল্যান্ড সীমান্তে তল্লাশির বিষয়টি এড়ানো যায়, তা অর্জনই মে’র এবারের সফরের লক্ষ্য।

২৯ মার্চ ব্রেক্সিট কার্যকরের আগে একটি চুক্তিতে উপনীত হতে পার্লামেন্ট সদস্যদের সম্মতি দরকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ব্রিটিশ আইনপ্রণেতারা এর আগে ইইউর সঙ্গে মের চুক্তিতে অনুমোদন দেননি। পার্লামেন্ট সদস্যদের সমর্থন পেতে মে আগের চুক্তিতে পরিবর্তন আনতে চাইলেও, ইইউ নেতারা এ ধরনের যেকোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন।

আরো পড়ুন: কলকাতার পুলিশ কমিশনারকে শনিবার জেরা করবে সিবিআই 

চুক্তি নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে ২৯ মার্চ কোনো চুক্তি ছাড়াই যুক্তরাজ্যকে ২৮ দেশের জোটটি ছেড়ে যেতে হবে। বুধবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক যুক্তরাজ্যের ব্রেক্সিটপন্থি আইনপ্রণেতাদের সঙ্গে তীব্র বাদানুবাদেও জড়িয়ে পড়েন। পরিকল্পনা ছাড়াই ব্রেক্সিটের পক্ষে যারা প্রচার চালিয়েছেন, তাদের ‘নরকের বিশেষ স্থানে জায়গা হবে’ বলে বুধবার মন্তব্য করেছিলেন টাস্ক। পাল্টা বক্তব্যে একে ‘চরম ঔদ্ধত্যপূর্ণ’ হিসেবে আখ্যা দিয়েছেন ২০১৬ সালের গণভোটে ব্রেক্সিটের পক্ষে থাকা ব্রিটিশ এমপিরা। 

ইত্তেফাক/এসআর