কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকা এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাতীয় পর্যায়ে বিজেপিবিরোধী দলগুলোকে একত্রিত করার লক্ষ্যে এই ভার্চুয়াল বৈঠক করছেন সোনিয়া গান্ধী। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং কংগ্রেস-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া শরদ পাওয়ারসহ বিজেপিবিরোধী প্রথম সারির প্রবীণ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এই সময় পশ্চিমবঙ্গের পত্রিকার খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন জানান, শুক্রবারের ঐ বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যোগ দেবেন। খবরে বলা হয়েছে, বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরদিন সংসদে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলোর প্রতিবাদ কর্মসূচিতে ছিল না তৃণমূল। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। এরপর তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, কংগ্রেসের সঙ্গে যৌথ কর্মসূচিতে তৃণমূল থাকবে না এমন পর্যবেক্ষণ সঠিক নয়। তৃণমূল কোনো নতুন ফ্রন্ট তৈরি করতে চাইছে না। তবে তৃণমূলকে যথেষ্ট সম্মান দিয়ে আমন্ত্রণ জানাতে হবে।