রাজধানীর বনানী থানার পর্নোগ্রাফি আইনের মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে জামিন দেয়নি আদালত।
ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া বুধবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিনের রিমান্ড শেষে রাজ ও সবুজকে বুধবার আদালতে হাজির করা হয়। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আইনজীবী এস এম আখতারুজ্জামান হিমেলসহ কয়েক জন আসামিদের জামিন চেয়ে শুনানি করেন। তারা আদালতে বলেন, আসামি রাজ একজন ঠিকাদার। তিনি রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী এবং ঠিকাদার। তিনি এফবিসিসিআইর সদস্য। রাজকে গ্রেফতারের সময় পর্নোগ্রাফির আলামত হিসেবে একটি মোবাইল সেট, এক গাছি রশি ও একটি কোমরের বেল্ট জব্দ করা হয়েছে। পর্নোগ্রাফির অভিযোগের সঙ্গে এসব সরঞ্জাম যায় না। এছাড়া তদন্তে কোনো নারীর নাম আসেনি, যিনি পর্নোগ্রাফির মাধ্যমে হেনস্তার শিকার হয়েছেন।
রাষ্ট্রপক্ষে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ৪ আগস্ট রাতে নজরুল ইসলাম রাজের বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। গ্রেফতারের সময় তার বাসা থেকে মাদক জব্দ করে র্যাব।