রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে জি এম কাদের সাংবাদিকদের বলেছেন, বর্তমান সরকারের করোনার টিকা ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পার্টি অসন্তুষ্ট।
সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ায় টিকা প্রয়োগে বাংলাদেশের অবস্থান সর্বশেষে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ব্যর্থ দাবি করে গণটিকা কার্যক্রম ও লকডাউন পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি সাংবাদিকদের বলেন, সরকার যেভাবে টিকা প্রদান করছে, তাতে জাতীয় পার্টি সন্তুষ্ট নয়। তিনি বলেন, বিশ্বের বেশির ভাগ দেশে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ায় টিকা প্রদানের ক্ষেত্রে আমরা তলানিতে রয়েছি। আমাদের দেশে এ পর্যন্ত মাত্র ২ থেকে ৩ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। এছাড়া টিকা প্রদানে চরম বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে।
গতকাল বুধবার সকালে ছয় দিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে বেলা ১১টায় পৌঁছান জি এম কাদের। পরে সৈয়দপুর থেকে রংপুরের পল্লী নিবাসে আসেন জি এম কাদের। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারত করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওয়ানা হন।