এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না পাকিস্তান

দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। শিগগিরই তারা সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান, তুরস্ক, চীন ও রাশিয়া আফগান নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে, এখনই তালেবানদের স্বীকৃতি দিচ্ছে না তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। খবর প্রকাশ করেছে ডন ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার (১৭ আগস্ট) মন্ত্রীসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, নব্বইয়ের দশকে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় এলে সবার আগে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল। এর মধ্যে একটি পাকিস্তান। তবে এবার এখনই স্বীকৃতি দেওয়ার কেনো পরিকল্পনা পাকিস্তানের নেই।

তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হবে।

এ সময় আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের সময় কোনো রক্তপাত বা সহিংসতার ঘটনা না ঘটায় সন্তুষ্ট প্রকাশ করেন পাকিস্তানের এই মন্ত্রী।

এর আগে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা করে ও সঙ্গতি রেখেই সিদ্ধান্ত নেবেন তিনি।

ইত্তেফাক/টিএ