স্ত্রী হত্যার অভিযোগ থেকে খালাস পেলেন শশী থারুর

স্ত্রী সুনন্দা পুষ্কর হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছেন ভারতের কংগ্রেস পার্টির এমপি শশী থারুর। গতকাল বুধবার দিল্লির একটি আদালত প্রমাণের অভাবে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে সুনন্দা পুষ্করের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা বলে বিবেচনা করা হলেও পরে দিল্লি পুরিশ জানায় তাকে হত্যা করা হয়েছে। ২০১৮ সালে শশী থারুর বিরুদ্ধ আত্মহত্যায় উসকানি ও স্ত্রীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনে পুলিশ। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন সাবেক মন্ত্রী শশী থারুর।

আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় শশী থারুর বলেন, সাড়ে সাত বছর ‘নির্যাতনের’ অবসান হলো। আমি কৃতজ্ঞ। পরে এক টুইট বার্তায় তিনি বলেন, এক দীর্ঘ দুঃস্বপ্নের উল্লেখযোগ্য সমাপ্তি ঘটেছে। তিনি বলেন, আমি বহু বেনামি অভিযোগ আর সংবাদমাধ্যমের অপমান ধৈর্যের সঙ্গে সহ্য করেছি আর ভারতীয় বিচার বিভাগের প্রতি বিশ্বাস ধরে রেখেছি, আজ তা জয়ী হয়েছে।