সাধারণ শিক্ষা ধারায় ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৮৮টি পদের এনটিআরসিএ-এর বিশেষ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে চান ১৬তম নিবন্ধনের ট্রেড ইন্সট্রাক্টর ফল প্রত্যাশীরা। সেসিপ ২০২০ সালের ৭ জানুয়ারি ১ থেকে ১৫তম নিবন্ধনধারীদের নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে ৬৪০ সেসিপভুক্ত স্কুলে ১১৯৯টি শূন্যপদে অনলাইনে চাহিদা আহ্বান করা হয়। এতে মোট ৬৭৬টি ট্রেড ইন্সট্রাক্টর পদ পূরণ হয়। অবশিষ্ট ট্রেড ইন্সট্রাক্টর পদ শূন্যই থেকে যায়। দীর্ঘ ১৮ মাস পর সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়। সেখানে ১৬তমদের যুক্ত করার কোনো নির্দেশনা না দিয়েই ৬৮৮ পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছে। মূলত বদলির সুযোগ না থাকায় ১ থেকে ১৫তম নিবন্ধনধারী ট্রেড ইন্সট্রাক্টরগণ ইনডেক্স নিয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন। ফলে শূন্যপদ থেকেই যাচ্ছে, যা কারিগরি শিক্ষার উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির অন্তরায়। এনটিআরসিএ-এর শর্তমতে লিখিত রেজাল্ট তিনমাসের মধ্যে ও ভাইভার রেজাল্ট দুইমাসের ভিতর প্রকাশের কথা থাকলেও ২ বছর ১০ মাসেও তা সম্পন্ন হতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে সম্পন্ন হওয়া ১৬তম ট্রেড ইন্সট্রাক্টরদের ফল জরুরিভিত্তিতে প্রকাশ করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হোক। এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান সমীপে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।
রেদোয়ান হোসেন
ট্রেড ইন্সট্রাক্টর, রাশেদ খান মেনন মডেল স্কুল,
বাবুগঞ্জ, বরিশাল