পুরোদমে ট্রেন চলাচল শুরু

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত ১১ আগস্ট থেকে স্বল্পপরিসরে ট্রেন চলাচল শুরু হয়। তবে গতকাল বৃহস্পতিবার থেকে পুরোদমে চালু হয়েছে ট্রেন চলাচল। বিধিনিষেধ শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর, ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু হয়। গত মঙ্গলবার আরো ১২ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২৪ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচলের জন্য অনুমোদন দেওয়া হয়। গতকাল থেকে সে বহরে আরো ১২ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২৪ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু হয়। ১ জুলাই দেশে কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্য সব যাত্রীবাহী গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। তবে পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। চলাচল করে ম্যাংগো স্পেশাল ট্রেন এবং ক্যাটল  ট্রেন।

পূর্ণরূপে ট্রেন চলাচলের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (অপারেশন/ সিডব্লিউসিএস) রেজাউল হক বলেন, সবাইকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।