ডাকাতির প্রস্তুতি, গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ৪

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে চার দুর্বৃত্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো—রফিকুল ইসলাম বাবু, ফিরোজ আলম,  রিয়াজুল ইসলাম ও কামরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত দুইটি লোহা কাটার হেক্সো ব্লেড, একটি স্কচটেপ, দুইটি তালা, তিনটি স্ক্রু ড্রাইভার, একটি স্টিলের ফোলডিং চাকু, দুইটি গামছা, দুইটি লোহার রড ও দুই টুকরা রশি উদ্ধার করা হয়। বুধবার  রাত সাড়ে ১২টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি-দক্ষিণ) মো. মাহবুব আলম।

ডাকাতির কৌশল সম্পর্কে তিনি বলেন, প্রথমে তারা রাতে এলাকায় ঘুরেফিরে যেসব বাসার আলো নিভানো থাকত সেই সব বাসা টার্গেট করত। এ ছাড়াও টার্গেটকৃত বাসার অস্থায়ী গৃহকর্ত্রী বা নাইট গার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করত। তারপর গভীর রাতে ঐ বাসার দরজা-জানালা ভেঙে বাসার মালিককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুণ্ঠন করে চলে যাওয়ার সময়ে বাসার দরজায় তালা লাগিয়ে দিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায় মর্মে পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা জানান। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।