দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

টাগবোট না পেয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৩ কোটি টাকা বিল পরিশোধ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ—এমন ঘটনা অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুই মাসের মধ্যে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুদককে সহযোগিতা করতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়ালি হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল বুধবার এ আদেশ দেন।

‘টাগবোট না পেয়েই ২৩ কোটি টাকা বিল পরিশোধ’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাগবোট (সাহায্যকারী জলযান) কিনতে ৩৭ কোটি ৭৫ লাখ টাকায় চুক্তি করেছিল একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে। চুক্তি অনুযায়ী ২০১৮ সালের ২২ ডিসেম্বরের মধ্যে টাগবোটটি বন্দর কর্তৃপক্ষকে সরবরাহের কথা ছিল। কিন্তু কয়েক দফা সময় বাড়িয়েও তা সরবরাহ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স লিমিটেড। এমন পরিস্থিতিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ঐ নির্দেশনা পালন না করে উলটো টাগবোটের দেখা না পেলেও বন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে চার ধাপে ঠিকাদার প্রতিষ্ঠানটিকে ২৩ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৪৩ টাকা বিল দিয়েছে।’ এ সময় আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।