ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০ আগস্ট থেকে সময় বাড়িয়ে ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত পরীক্ষাসমূহ আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, সাত কলেজের অধ্যক্ষবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।