জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শুয়াকৈর গ্রামে গত বছর বন্যার পানির তোড়ে ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে যায়। কিন্তু ভাঙা সেতু মেরামত না হওয়ায় উপজেলার ২০টি গ্রামের দেড় লক্ষাধিক মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ঝিনাই নদীর ওপর উপজেলার শুয়াকৈর গ্রামে ২০০ মিটার দীর্ঘ সেতুটি ২০০৬ সালে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। ২০২০ সালের জুলাই মাসের বন্যার পানির তোড়ে সেতুর মাঝখানের তিনটি স্প্যান ভেঙে পড়ে। এতে উপজেলা সদরের সঙ্গে কামরাবাদ, সাতপোয়া ও পাশের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের দেড় লক্ষাধিক মানুষের যাতায়াতে বন্ধ হয়ে যায়।
উপজেলার চুনিয়াপটল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী, রবিউল ইসলাম ও গোলাম রব্বানী বলেন, বিগত দিনে সেতুর নিচ থেকে ড্রেজার মেশিনে মাটি উত্তোলনের ফলে বন্যার পানির তোড়ে সেতু ভেঙে যায়। ফলে আমাদের পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুয়াকৈর গ্রামের বাসিন্দা মো. মকবুল সেখ ও মুন্না জানান, সেতু ভেঙে যাওয়ায় নৌকা দিয়ে নদী পারাপার হতে হয়। তাই ঘাটে রাত-বিরাতে অনেক সময় নৌকা না পেয়ে চরম দুর্ভোগে পড়তে হয়।
কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনসুর আলী খান বলেন, কর্তৃপক্ষের কাছে ইউনিয়নবাসীর দাবি, জরুরি ভিত্তিতে যাতে সেতুটি মেরামত করা হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, সেতুর দুই পাশ থেকে বালু উত্তোলন করায় মাটি সরে যায়। ফলে সেতুটি ভেঙে যায়। তিনি আরো বলেন, নতুন সেতুর প্রাক্কলন তৈরি করে জেলা এলজিইডি কার্যালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ জানান, জরুরি ভিত্তিতে সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।