হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হোমনায় বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তাইফা হাসান (৪)। সে উপজেলার অনন্তপুর গ্রামের মো. হাসান ভূইয়ার মেয়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুর পারে তাইফা খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে তাইফার লাশ ভাসতে দেখে পরে স্বজনরা সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।  হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়ায় এবং তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।