জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করল চট্টগ্রাম, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া। গতকাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক গ্রুপের প্রথম কোয়ার্টারে সালাউদ্দিনের হ্যাটট্রিকে সৈকত জেলা কক্সবাজার ৩-১ গোলে হারায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত বালক গ্রুপের অপর খেলায় স্বাগতিক জেলা চট্টগ্রাম একই ব্যবধানে কুমিল্লা জেলা দলের বিরুদ্ধে জয়লাভ করে। স্বাগতিকদের পক্ষে রাকিব দুটি, সাজ্জাদ একটি করে গোল করেন। কুমিল্লার হয়ে শান্তনাসূচক গোলটি করেন স্ট্রাইকার অপু। এমএ আজিজ স্টেডিয়ামে বালিকা গ্রুপের প্রথম খেলায় পূজা দাশের হ্যাটট্রিকে ফেনী জেলাকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। পূজা ছাড়া দলের হয়ে বাকি গোল দুটি করেন জেসমিন ও সাদিয়া। দিনের অপর খেলায় ফাহমিদা রেশমীর হ্যাটট্রিকের কল্যাণে চট্টগ্রাম জেলা ৪-১ গোলে হারায় কুমিল্লা জেলাকে। ফাহমিদার ৩ গোল ছাড়াও দলের পক্ষে অপর গোলটি করেন শিপা।