টেকনাফে দালালসহ ৩২ মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই দালালসহ ৩২ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পাড়া সাগরের তীরবর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় অভিযান চালিয়ে নৌকার জন্য অপেক্ষমাণ অবস্থায় তাদের আটক করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির নায়েক মো. শিকদার শফিকুল ইসলাম মানব পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে গোলার চরে অভিযান চালায়। এ সময় মানপাচারকারী দালাল হ্নীলা দমদমিয়ার আব্দুল করিমের ছেলে মো. হুমায়ূনসহ (১৮) ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশুকে আটক করে।

আরো পড়ুন: অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

অন্যদিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে নায়েক সুবেদার মো. সালাহ উদ্দিন বিশেষ টহল দল নিয়ে নোয়াখালী পাড়া সাগরের তীরবর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় অভিযান চালিয়ে জাহাজপুরার মানব পাচারকারী দালাল হাবিব উল্লাহসহ ৩ পুরুষ, ১১ নারী ও শিশু রোহিঙ্গা নাগরিককে নৌকার জন্য অপেক্ষমাণ অবস্থায় আটক করে।

বিষয়টির সত্যতা স্বীকার করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম আছাদুদ জামান চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/বিএএফ