বরিশালে ইউএনওর বাসায় হামলা

হামলাকারীরা যে দলেরই হোক ছাড় নয় :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি আরো বলেন, ‘ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তারা যদি আওয়ামী   লীগ-ছাত্রলীগের নেতাকর্মীও হয়, তবুও ছাড় দেওয়া হবে না।’     ওবায়দুল কাদের বলেন, বরিশালে ইউএনওর বাসায় হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। পুলিশ জানিয়েছে তারা ১৫ জনকে গ্রেফতার করেছে। দোষীদের ধরতে অভিযান চলছে। তিনি বলেন, এটা আওয়ামী লীগ, এটা বিএনপি নয়। নিজেদের দলের কেউ অপরাধ করলে শাস্তি দেওয়ার দৃষ্টান্ত বিএনপিতে নেই। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা এমন ভূরিভূরি দৃষ্টান্ত দিয়েছেন। আপন লোকদের শাস্তি দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ দিয়েছেন। নেত্রীর নির্দেশে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনই প্রমাণ করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে।’ তিনি তথ্য-প্রমাণসহ বেগম জিয়ার সঠিক জন্মদিন কবে, তা প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় সত্যকে কখনো চেপে রাখা যায় না।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।