আসিফ নজরুলের বিরুদ্ধে জঙ্গিবাদে উসকানির অভিযোগ!

সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর ‘জঙ্গিবাদে উসকানি’র অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, অভিযোগটি সাধারণ ডায়ারি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু অভিযোগটি সাইবার অপরাধসংক্রান্ত, তাই ডিবির সাইবার বিভাগের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের কাবুল বিমানবন্দরের দৃশ্যের ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার  আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ এই স্ট্যাটাস রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ও দেশের আইনশৃঙ্খলা অবনতি ঘটাইতে পারে উল্লেখ করে মামলার অভিযোগে নাহিদ হাসান শাহিন বলেন, তার স্ট্যাটাসটি শুধু রাষ্ট্রের ভাবমূর্তি নয় বরং আক্রমণাত্মক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলার অবনতিসহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ সমাজকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও দেশের মধ্যে বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে শান্তি বিনষ্ট করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির সহায়ক।

এর আগে আসিফ নজরুলকে ‘জঙ্গিবাদের মদতদাতা’ আখ্যায়িত করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স ভবনে গিয়ে তার তালাবদ্ধ কক্ষে আরো তিনটি তালা লাগিয়ে দেয়। এই শিক্ষকের কক্ষের দরজার সামনে দেশদ্রোহী, জঙ্গিবাদের মদতদাতা ও জামায়াত-শিবিরের এজেন্ট লেখা পোস্টারও সাঁটিয়ে দেয় তারা। একই ঘটনায় বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আসিফ নজরুলের কুশপুতুল পোড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। তাকে গ্রেফতারেরও দাবি জানান তারা।

তালা দেওয়ার ঘটনায় হতবাক আসিফ নজরুল বলেন, ভিন্নমত কারো থাকতেই পারে। কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার কারণ তিনি বুঝতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, আসিফ নজরুলের কক্ষে তালা দেওয়ার বিষয়টি অবহিত হয়েছি। সেখানে কী ঘটেছে, কেন ঘটেছে, একজন সহকারী প্রক্টরকে তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

ইউট্যাবের প্রতিবাদ

এদিকে অধ্যাপক নজরুলের কক্ষে তালা ঝুলানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমন করা দুষ্কর হয়ে পড়বে।