গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণস্বাস্থ্য একমাত্র সুলভে গরিবদের স্বাস্থ্যসেবা দিচ্ছে। মাত্র ২০০ টাকায় গণস্বাস্থ্যে স্বাস্থ্যবিমা করুন। রিকশা ও ভ্যানচালক, ফুটপাতের ছোট দোকানদার এবং হকারদের বলব—আপনার মাসে ২০০ টাকায় অর্থাত্ দিনে মাত্র সাত টাকায় গণস্বাস্থ্যকেন্দ্রে এই গণস্বাস্থ্যবিমা করুন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মীর হাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্বল্প আয়ের মানুষ, রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণের জন্য গণস্বাস্থ্য সহায়তাকেন্দ্রের উদ্যোগে মশারি ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা চাই আপনারা চিকিত্সা পান। আপনার সন্তানরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক। গণস্বাস্থ্য ২৪ ঘণ্টা গণস্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ঘনবসতি এলাকায় এসে গরিব-অসহায় এবং রিকশা-ভ্যানচালকদের পরিবারের সদস্যদেরকে সপ্তাহে এক দিন বিনা পয়সায় গণস্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিত্সকরা পরামর্শ দেন। সরকার চাইলে সারা দেশে গণস্বাস্থ্যের মতো জনগণের মধ্যে স্বাস্থ্যসেবা বিস্তৃত করতে পারে। এতে সরকারের স্বাস্থ্যসেবার উন্নতি হবে এবং জনগণ উপকৃত হবে। ডেঙ্গু থেকে বাঁচতে দিনের বেলায়ও মশারি টাঙাতে, করোনামুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মানতে এবং ধূমপান না করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। স্থানীয় সমাজসেবক মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালসের জিএম মো. মামুন, বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান প্রমুখ।