মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে ইসমাইল ইয়াকুব

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ইসমাইল সাবরি ইয়াকুব। সাবেক এই উপ-প্রধানমন্ত্রীকে আজ শুক্রবার দেশটির রাজা নিয়োগ দিতে পারেন। তিনি পার্লামেন্টের অনলাইন ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। গত সপ্তাহে যে জোটের সরকারের পতন ঘটেছিল সেই জোট থেকেই তিনি বেশি ভোট পেয়েছেন। ইসমাইল ইয়াকুব ২২২ আসনের পার্লামেন্টে ১১৪ জন এমপির সমর্থন পেয়েছেন। দরকার ছিল ১১১টি। খবর আলজাজিরার

ইসমাইল সাবরি প্রধানমন্ত্রী হলে নির্বাচনে পরাজয়ের তিন বছর পর তার দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) আবার ক্ষমতায় আসবে। এই দলটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। ওয়ানএমডিবি কেলেংকারির কারণে দলটি ২০১৮ সালের পার্লামেন্ট নির্বাচনে হেরেছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা মুহিউদ্দিন ইয়াসিন গতকাল বৃহস্পতিবার বলেন, তার জোট সর্বসম্মতিতে ইসমাইল ইয়াকুবকে সমর্থন দিয়েছে। বিশেষ করে দেশকে করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজনে এই সমর্থন দেওয়া হয়েছে। তবে একটা শর্ত দেওয়া হয়েছে। তাহলো নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি দিতে হবে।