ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান এ তথ্য জানান।
মানবপাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে রাখা হয়েছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
সূত্র জানায়, দেশে ফেরা ১৩ বাংলাদেশির মধ্যে শরীয়তপুরের ৯ জন, মাদারীপুরের দুই জন এবং চাঁদপুর ও কুমিল্লার এক জন করে রয়েছেন। ভুক্তভোগীরা জানান, এ বছরের শুরুর দিকে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই, এরপর সেখান থেকে লিবিয়া, তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সবাই তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ সাত জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।