বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপন করতে আগ্রহী রাশিয়া। বাংলাদেশে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি এ কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রাশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাত্কালে ঈশ্বরদী বিমানবন্দরকে সচল করতে রাশিয়াকে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশই জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সমআদর্শ ধারণ করে। রাশিয়ার সঙ্গে বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।