বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে আগামী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কোভিড মহামারির এই সময়ে একজন চিকিত্সক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গৃহীত সকল সেবা কার্যক্রমে সহায়তার পাশাপাশি সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের পাশে থাকব।’  এদিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন বিভাগ ও অফিসের পক্ষ থেকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে সম্মানিত শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।